Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে রাজশাহীর উন্নয়ন: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ 57 বার পঠিত
ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে রাজশাহীর উন্নয়ন: ভূমিমন্ত্রী মিনু
ছবি : ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে রাজশাহীর উন্নয়ন: ভূমিমন্ত্রী মিনু
Single News Top

রাজশাহী প্রতিনিধি:  আগামী ডিসেম্বরের মধ্যেই রাজশাহী মহানগরীতে চলমান উন্নয়নকাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, দৃষ্টিনন্দন ও নিরাপদ মহানগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) যৌথভাবে কাজ করছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো ডিসেম্বরের মধ্যে সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। বন্ধ থাকা উন্নয়নকাজ পুনরায় চালু করার পাশাপাশি সোনাদীঘি মসজিদ ও পদ্মার বাঁধের উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হবে।

যোগাযোগব্যবস্থার উন্নয়নে জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত তিন লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এ সড়কে ডিভাইডার, বৃক্ষরোপণ, ড্রেন ও ফুটপাত থাকবে বলে জানান মন্ত্রী। একই ব্যয়ে বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ ছাড়া পদ্মার পাড়ে রিভার ড্রাইভ এবং বারনই নদীর পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন অতীতের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও স্মৃতিফলক অপসারণের বিষয়টি তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অপসারিত ফলকগুলো খুঁজে বের করে আগের স্থানে পুনঃস্থাপনের আহ্বান জানান।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ ও ২০০৫ সালে রাজশাহী মহানগরীর সড়ক নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, মোড় প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনসংক্রান্ত তিনটি উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
 

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে