সাজেক সড়কে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ, নিরাপদে ফিরলেন ৩ হাজার পর্যটক
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে বাঘাইহাটের গঙারাম এলাকায় এ ঘটনা ঘটে।
অবরোধের কারণে সাজেক পর্যটন কেন্দ্রে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটক সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির পাহারায় নিরাপদে ফিরে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার সকাল থেকে দীঘিনালা-বাঘাইহাট-সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিরাপত্তা বাহিনীর পাহারায় পর্যটকবাহী গাড়িগুলো সাজেক থেকে ছেড়ে আসে। পথে বাঘাইহাটের গঙারাম এলাকায় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে অবরোধকারীদের সঙ্গে থাকা স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।
অবরোধের কারণে আগের দিন সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়া প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। পরিস্থিতি বিবেচনায় সাজেকে ভ্রমণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা দেন।
অবরোধ আহ্বানকারী সংগঠন দুটির বিবৃতিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে পূর্বঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় আবারও অবরোধ শুরু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ভাষ্য অনুযায়ী সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও জানায় সংগঠন দুটি।
