শিক্ষকদের প্রধান দায়িত্ব আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়া: এমপি মিলন
রাজশাহী প্রতিনিধি: সমাজে ফাঁকি দেওয়া ও দুর্নীতির প্রবণতা থেকে জাতিকে মুক্ত করতে শিক্ষকদের প্রধান ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আগামী প্রজন্মকে সঠিকভাবে শিক্ষিত করার দায়িত্ব শিক্ষকদের নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার দুপুরে মোহনপুরের লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারের শিক্ষা কার্যক্রমের কথা উল্লেখ করে এমপি মিলন বলেন, সরকার চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করেছে। শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি নিজ নিজ ধর্মীয় শিক্ষার চর্চাও জরুরি। ধর্মীয় অনুশাসন শিশুদের সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে। তাই মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিশুরাও যেন নিজ নিজ ধর্ম পালনের সুযোগ পায়, সে ব্যবস্থা থাকতে হবে।
শিশুদের মেধা বিকাশে খেলাধুলা, গান-বাজনা ও কবিতা আবৃত্তির সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে এমপি মিলন বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ সমৃদ্ধ। এ দেশের মাটিকে ‘সোনা’ বলা হলেও ঔপনিবেশিক শক্তিগুলো এখানকার সম্পদ লুট করে নিজেদের কাজে ব্যবহার করেছে। দেশকে সত্যিকারের ‘সোনার বাংলা’য় রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা উপকরণ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ের ভবন, মাঠ, বেঞ্চ, চক ও ডাস্টার—সবকিছুই শিক্ষার্থীদের জন্য। তাই শিক্ষার্থীদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে এমপি মিলন বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে এসে পাঠদানের পরিবর্তে নিজেদের হাতের কাজ বা অন্যান্য জিনিস তৈরি নিয়ে ব্যস্ত থাকেন বলে অভিযোগ শোনা যায়। এ ধরনের কর্মকাণ্ড শিশুদের যথাযথ শিক্ষা প্রদানের পথে বড় বাধা বলে মনে করেন তিনি।
নিজ এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, গোরস্থান ও মন্দিরের উন্নয়নে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানান এমপি মিলন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি মিলনসহ আগত অতিথিদের হাততালির মাধ্যমে স্বাগত জানিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। জুমার নামাজের পর মধ্যাহ্নভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক খলিলুর রহমান শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার ও আব্দুল কাদের মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
