Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটার, আপলাইনে মেরামত চলছে

কুমিল্লা প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ 42 বার পঠিত
১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটার, আপলাইনে মেরামত চলছে
ছবি : লাকসামে ১৬ ঘণ্টা পর কর্ণফুলী কমিউটারের ইঞ্জিনসহ চার বগি উদ্ধার
Single News Top

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামতের কাজ এখনো চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার ভোরে উদ্ধারকাজ শেষ হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে।

এদিকে, দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংস্কারকাজ শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে