পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আশফাক হোসেইন
অনলাইন ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক কাউন্সেলর মো. আশফাক হোসেইন। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাঁকে ‘পরিচালক (পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর)’ পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি ‘পরিচালক (অভিবাসন ও অনিবাসী বাংলাদেশি বিষয়ক অনুবিভাগ)’ এবং ‘পরিচালক (আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অনুবিভাগ)’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মকালীন সময়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং কনস্যুলার সেবার মান উন্নয়নে ভূমিকা রাখার জন্য মো. আশফাক হোসেইন প্রশংসিত হয়েছেন বলে সংশ্লিষ্ট প্রবাসীরা জানিয়েছেন।
দুবাইয়ে দায়িত্ব পালনকালে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা, কনস্যুলেটের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং সেবা প্রদানের প্রক্রিয়া আধুনিকায়নে উদ্যোগ নেন। এসব পদক্ষেপের ফলে কনস্যুলার সেবা আরও সহজ ও সুশৃঙ্খল হয়েছে বলে প্রবাসীদের অভিমত।
দুবাইয়ে দায়িত্ব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পদে যোগ দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রবাসীরা আশা প্রকাশ করেন, দুবাইয়ে অর্জিত অভিজ্ঞতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে তিনি নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশেষ করে অভিবাসন, আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁর অভিজ্ঞতা দেশের কূটনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
মো. আশফাক হোসেইনের নতুন দায়িত্বে সাফল্য ও পেশাগত জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা।
