গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালা, প্রশাসনের মামলা; বিএনপির বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় মামলা করেছে উপজেলা প্রশাসন। এদিকে, ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১২ অক্টোবর) রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। ইউএনও কার্যালয়ে তালা ঝুলিয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন গোদাগাড়ী উপজেলা ও বিভিন্ন পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে সাধারণ মানুষও অংশ নেন।
গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি নেতারা ‘মব কালচার’-এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তাঁরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের কাজে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব, সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম ও সদস্য ডালিম।
এ ছাড়া গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্যসচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরসালান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্যসচিব কাওসার, পৌর ছাত্রদলের মোবিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যেভাবে ঘটনার সূত্রপাত
সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে সোমবার (১২ অক্টোবর) দুপুরে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে তাঁর কার্যালয় ঘেরাও করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় তাঁরা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে ফটকে তালা দিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।
প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনটি তালাবদ্ধ থাকায় সেখানে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই উপজেলা প্রশাসন মামলা দায়ের করে। পাশাপাশি ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি।
