বারনই নদী দখল-দূষণমুক্ত করতে বিশেষ টাস্কফোর্স, প্রতিবেদন যাবে প্রধানমন্ত্রীর কাছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী ও নাটোরের ওপর দিয়ে বয়ে যাওয়া বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল ও ভরাট ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন টাস্কফোর্সের সদস্যরা। পাশাপাশি নদী ও খালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতি মাসে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন পাঠানো হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এসব তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বারনই নদী ভরাট ও দূষণের শিকার। নদীর দূষিত পানি ব্যবহার ও নদী পারাপারের সময় মানুষের শরীরে ঘা হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের দুর্ভোগ কমাতে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পের কাজ তদারকি ও বাস্তবায়ন নিশ্চিত করতে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। নদী খননের পর যাতে সিটি করপোরেশনের বর্জ্যসহ অন্য ময়লা ফেলে আবার ভরাট করা না হয়, সে বিষয়েও নজর রাখা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
