তারেক রহমান জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন: ভূমিমন্ত্রী মিনু
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি হলরুমে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। এ সময় তিনি ধর্মসভা পরিদর্শন এবং পাট ও আখচাষিদের মধ্যে অর্থ বিতরণ করবেন। এ উপলক্ষে একটি বিশাল জনসভার আয়োজন করা হবে।
ভূমিমন্ত্রী বলেন, তারেক রহমান কৃষকদের পুনরুজ্জীবিত করতে কাজ করছেন। পাট, ইক্ষু ও রেশম চাষের উন্নয়নের মাধ্যমে দেশের কৃষি ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাটকে আবারও সোনালি আঁশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত কার্ডের ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি সমাবেশ সফল করতে রাজশাহীসহ পার্শ্ববর্তী জেলার নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিএনপির নেতারা।
সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
