প্রধানমন্ত্রীর রংপুর সফর ২০ অক্টোবর, প্রস্তুতি ঘিরে উৎসাহ-উদ্দীপনা
নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২০ অক্টোবর রংপুর সফরকে ঘিরে নগরজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এ সফরকে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি ও নগর উন্নয়নের প্রত্যাশার সঙ্গে যুক্ত করে দেখছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ধর্মসভা মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের মধ্যে এ সফর নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফর পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও জোরালো করবে।
রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ভৌমিক মনে করেন, এ সফরের মাধ্যমে রংপুর অঞ্চলের প্রতি বিশেষ মনোযোগের পাশাপাশি সামাজিক সৌহার্দ্য ও উন্নয়ন কার্যক্রমে গতি আসতে পারে।
এদিকে, সফর ঘিরে অতিরিক্ত ব্যয় এড়াতে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে ফেস্টুন, ব্যানার ও তোরণ নির্মাণসহ বাড়তি আয়োজন না করার নির্দেশনা দিয়েছে দল। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না এ তথ্য জানান। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল সরকার বলেন, প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা অপেক্ষা করছেন।
অন্যদিকে, রংপুর নগরীর অবকাঠামোগত উন্নয়ন নিয়েও প্রত্যাশা তৈরি হয়েছে। গত ৭ অক্টোবর একনেকের সভায় নগরীর যোগাযোগব্যবস্থা ও ভৌত অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে দুটি প্রকল্প অনুমোদনের তথ্য উল্লেখ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগ ও নাগরিক দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি জোরদারের পাশাপাশি রংপুরের উন্নয়ন কার্যক্রমেও অগ্রগতি হবে—এমন প্রত্যাশা করছেন নগরবাসী।
