Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকবে বিশেষ বার্তা: মিলন

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 48 বার পঠিত
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকবে বিশেষ বার্তা: মিলন
ছবি : প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকবে বিশেষ বার্তা: মিলন
Single News Top

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে নগরজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সফরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি উত্তরাঞ্চলের আখচাষিদের জন্য বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রোববার সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল হক মিলন বলেন, অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর আয়োজন করা হলেও নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় রাজশাহীর জন্য একটি ব্যতিক্রমী ঘটনা। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের বিষয়টি বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য বিশেষ বার্তা থাকবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এ আগমন তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ও জনসভা উপলক্ষে মাদরাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে