Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, জানালেন এমপি মিলন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ 44 বার পঠিত
দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, জানালেন এমপি মিলন
ছবি : দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে ঐতিহাসিক বললেন এমপি মিলন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুর্গাপূজা চলাকালে কোনো প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এটিই প্রথম বলে দাবি করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তাঁর মতে, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার নবরূপ ক্লাব মন্দির পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর আগমন উপলক্ষে রাজশাহীবাসী শুভেচ্ছা ও সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সফর সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা বহন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংসদ সদস্য জানান, আগামী ২০ অক্টোবর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশীবাসীকে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেন।

তারেক রহমানের পরিবারের আন্তর্জাতিক অর্জনের প্রসঙ্গ তুলে শফিকুল হক মিলন বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান নিজেও জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। একই পরিবারের তিনজনের জাতিসংঘে বক্তব্য দেওয়াকে বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে, রোববার সন্ধ্যায় সংসদ সদস্য শফিকুল হক মিলন বিভিন্ন এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি নওহাটা পৌরসভার পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার।
 

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে