Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

‘আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়’: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ 45 বার পঠিত
‘আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়’: শামা ওবায়েদ
ছবি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
Single News Top

ফরিদপুর প্রতিনিধি: ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমরা সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন যেন সারাজীবন অটুট থাকে, সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।”

তিনি বলেন, জাত ও ধর্মের ভেদাভেদ করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দিন-রাত কাজ করছেন। মা-বোনেরা যেন স্বাধীনভাবে ও নিরাপদে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের সুফল সব ধর্মের মানুষ সমানভাবে ভোগ করবেন। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নগরকান্দা ও সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে