দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঐতিহাসিক: ভূমিমন্ত্রী মিনু
রাজশাহী প্রতিনিধি: দুর্গাপূজা চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, পূজার মধ্যে রাজশাহীতে এসে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রংপুর ও চট্টগ্রামেও তাঁর সফরের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীবাসীর জন্য বড় প্রাপ্তি। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দ বেড়েছে। কারণ, দুর্গাপূজার মধ্যে প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন এবং ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
তিনি জানান, রাজশাহীতে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন, মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ এবং আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ। মাদ্রাসা মাঠে এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। তারেক রহমানও সেখানে বক্তব্য দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে বরাবরই বিএনপির সমাবেশে বিপুল জনসমাগম হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। জনসভার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে রাজশিয়াবাসী প্রস্তুত। তাঁকে একনজর দেখতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অত্যন্ত ভালোবাসেন। এ অঞ্চলের উন্নয়নে তাঁর ভূমিকা রয়েছে এবং বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে রাজশাহী থেকে চট্টগ্রাম, ঢাকা ও কলকাতার সঙ্গে নতুন ট্রেন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে ঢাকা রুটে বিরতিহীন ট্রেন চালুর কথাও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর জনসভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে।
তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। জনসভাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নিরাপত্তার কোনো ত্রুটি রাখা হবে না। প্রধানমন্ত্রীর যাতায়াতের বিভিন্ন সড়কে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জনসভাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার মামুনুর রশিদ মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
