পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
সিক্সটিন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত জানান।
ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
নিজের কারণে প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড যেন ম্লান না হয়, সে বিবেচনায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ইশরাক।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর আলোচনায় আসেন ইশরাক হোসেন। গত শনিবার (১৭ অক্টোবর) দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় পরিচালিত ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাঁকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়ি থেকে নেমে কয়েকজনকে ধরার নির্দেশ দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর অভিযানের পদ্ধতি, জনপ্রতিনিধির ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পর ইশরাকের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। আগ্নেয়াস্ত্র প্রদর্শনের বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশ তদন্তের উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
এর আগে রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন. এমন খবর প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। তবে ওই রাতে ইশরাক তাঁর পদত্যাগসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেন।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। পরে সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার কথা জানান।
প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি জানান, ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান।
মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে থাকার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, ব্যক্তিগত নিরাপত্তার জন্য কিছু সময় অস্ত্র হাতে নিয়েছিলেন। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনাই ছিল তাঁর উদ্দেশ্য। এ ঘটনায় নিজের কোনো ভুল হয়নি বলে মনে করলেও তাঁর দ্বারা কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন তিনি।
পদত্যাগের পর রাজনৈতিক কর্মকাণ্ড ও মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় থাকার কথা জানিয়েছেন ইশরাক।
