উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে
স্টাফ রিপোর্টার: উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন তাঁকে বিমানবন্দরে নিয়ে যান।
এ সময় গণমাধ্যমকে মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান এমপি মিলন। তিনি বলেন, কয়েক দিন ধরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় মন্ত্রীকে রক্ত দিতে হচ্ছিল। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মিলন আরও জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাঁকে দেওয়া ওষুধের ব্যবহারে সম্ভাব্য ত্রুটি-বিচ্যুতির কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া অসুস্থ অবস্থায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের কর্মসূচিতে উপস্থিত থাকায় তাঁকে শারীরিক পরিশ্রম করতে হয়েছে।
ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেনও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। হাসপাতালে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে দেখতে যান।
ভূমিমন্ত্রী নিজের দ্রুত সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনও।
