রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও চোরাচালানী মালামাল জব্দ
রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও ৪ হাজার ৬০০ পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন সোনাইকান্দি ও প্রেমতলী বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, রাত ১টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় মাদকের চালান প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে ৫৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
অন্যদিকে, রাত ১২টা ২০ মিনিটের দিকে গোদাগাড়ী থানার কুমারপাড়া এলাকায় চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আমবাগানে অবস্থান নেয় প্রেমতলী বিওপির টহল দল। এ সময় এক চোরাকারবারি ব্যাগ ফেলে পালিয়ে গেলে সেটি তল্লাশি করে ৪ হাজার ৬০০ পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
জব্দ করা সিরাপ দামকুড়া থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
