শিবগঞ্জে পৌনে ৭ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় তাঁর সহযোগী মো. আল-মামুন (৪০) পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল বাড়িটি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির সামনে খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে তিনি হেরোইনগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হেরোইন কেনাবেচা করে আসছিলেন বলে জানিয়েছে বাহিনী।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
