আরএমপির কাবাডি চ্যাম্পিয়নশিপে কর্ণহার ও শাহমখদুমের শিরোপা জয়
কর্ণহার নারী ও শাহমখদুম পুরুষ দল চ্যাম্পিয়ন
রাজশাহী প্রতিনিধি: “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি মো. ফারুক হোসেন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বালিকা বিভাগে দামকুড়া ও কর্ণহার থানা এবং বালক বিভাগে এয়ারপোর্ট ও শাহমখদুম থানা ফাইনালে ওঠে।
ফাইনালে বালিকা বিভাগে দামকুড়া থানাকে পরাজিত করে কর্ণহার থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। আর বালক বিভাগে এয়ারপোর্ট থানাকে হারিয়ে শাহমখদুম থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বালক বিভাগে এয়ারপোর্ট থানা এবং বালিকা বিভাগে দামকুড়া থানা রানার্সআপ হয়।
এদিকে, বালক বিভাগে শাহমখদুম থানার শুভ ইসলাম এবং বালিকা বিভাগে কর্ণহার থানার সুনাইরা আক্তার রানী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
ফাইনাল ম্যাচ দুটিতে মুহুর্মুহু আক্রমণ-পাল্টা আক্রমণ, টানটান উত্তেজনা ও খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিটি পয়েন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল মুখর।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করায় আয়োজক কমিটি, খেলোয়াড়, কোচ, ম্যানেজার, অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বিশেষভাবে নারী দলের স্বতঃস্ফূর্ত ও চমৎকার অংশগ্রহণের প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিযোগিতা থেকে একটি সেরা দল গঠন করে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে খেলোয়াড়দের আরও ভালোভাবে প্রস্তুত করার পাশাপাশি আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন পুলিশ কমিশনার।
তিনি যুবসমাজকে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদক ও ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। মাদকমুক্ত ও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলতে মহানগর পুলিশ জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলেও তিনি জানান।
পরে কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
