Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 58 বার পঠিত
দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ
ছবি : তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে
Single News Top

ওয়েব ডেস্ক: দেশে উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ডিসেম্বরের মধ্যে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা নির্ধারণ নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন।

সভায় কর্মসংস্থানের সম্ভাবনা ও আঞ্চলিক চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচন, নন-ক্রেডিট কোর্সের পাশাপাশি বিভাগভিত্তিক অন্তত একটি ক্রেডিট কোর্স চালু এবং বেকারদের জন্য ছয় মাস মেয়াদি ভাষা শিক্ষা কার্যক্রমের প্রস্তাব করা হয়। ভাষা কেন্দ্র স্থাপন ও বিদ্যমান সক্ষমতার তথ্য দ্রুত ইউজিসিকে জানাতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশে-বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো জরুরি।

এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা এবং এআই, রোবটিকস, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো বিষয়ে একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশকে উচ্চশিক্ষার আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারন্যাশনাল অফিস এবং ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনার কথাও জানানো হয়।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি, ফারসি, উর্দু ও সংস্কৃত ভাষা ও সাহিত্যে পঠন-পাঠনের পাশাপাশি ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজে জার্মান, জাপানি, চীনা, কোরীয় ও আরবি ভাষা শিক্ষার ব্যবস্থা রয়েছে।

Single News Bottom
আরও পড়ুন : দেশ, ৫০, বিশ্ববিদ্যালয়, তৃতীয়, ভাষা, শিক্ষা, চালু, উদ্যোগ,

বাংলাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে