রাজশাহীতে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
রাজশাহী প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, রাজশাহী এ কর্মসূচির আয়োজন করে।
ড. মো. লুৎফর রহমান বলেন, বায়ু, পানি ও মাটিদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ আইন বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতে হবে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ রক্ষা সবার দায়িত্ব। বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, উপপরিচালক মোছা. তাছমিনা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
