রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক
রাজশাহী প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর রাজপাড়ায় হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের দেড় হাজার চারা বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) নাটোর জোনের উদ্যোগে বিদ্যালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, শুধু গাছ লাগালেই হবে না, যত্ন নিয়ে প্রতিটি গাছ বড় করে তুলতে হবে। শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফর রহমান, পরিচালক নিলুফার ইয়াসমীনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
