চারঘাটে কলাবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
ছবি : রাজশাহীর চারঘাট থেকে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গুলি ও ম্যগাজিন
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫-এর সদর কোম্পানি।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোক্তারপুর পাকিয়ানপাড়া এলাকার বালুঘাটসংলগ্ন একটি কলাবাগানে অভিযান চালায় র্যাবের একটি দল।
র্যাব জানায়, অভিযানের সময় কলাবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চারঘাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
তবে অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
