বরেন্দ্রের জলবায়ু সংকট কপ-৩১ এ অন্তর্ভুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি: বরেন্দ্র অঞ্চলের খরা, পানি সংকট, তাপপ্রবাহ ও জীবিকার ঝুঁকিকে কপ-৩১-এর বৈশ্বিক জলবায়ু আলোচনায় অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ‘খরা থেকে ন্যায়বিচারের পথে—বরেন্দ্র থেকে বৈশ্বিক জলবায়ু সম্মেলন’ স্লোগানে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র ইয়ুথ ফোরাম, গ্রিন কোয়ালিশন ও বারসিক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে কৃষক, নারী, যুব, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, পরিবেশকর্মী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী খরা, তাপপ্রবাহ, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলাধার সংকট বরেন্দ্রের কৃষি ও মানুষের জীবিকাকে ঝুঁকিতে ফেলছে। এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত জলবায়ু অভিযোজন উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচি থেকে বরেন্দ্রকে জলবায়ু সম্মুখসারি অঞ্চল হিসেবে স্বীকৃতি, পানি নিরাপত্তাকে অগ্রাধিকার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং ক্ষয়ক্ষতি ও অভিযোজনের জন্য ন্যায়সংগত অর্থায়নের দাবি জানানো হয়।
