রাবিতে শুরু হলো আরইউআরএসের ২য় আন্তর্জাতিক সম্মেলন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (আরইউআরএস) ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘শেপিং দ্য ফিউচার থ্রো এআই অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাবি উপাচার্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মো. আসলাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. তারিকুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান বিশ্বে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি করেছে। দেশ ও জাতির কল্যাণে এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবনী গবেষণায় তরুণ গবেষকদের এগিয়ে আসতে হবে।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ নবীন গবেষক অংশ নিচ্ছেন। দুই দিনে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ৮টি সেশনে ৭০টি প্রবন্ধ এবং পৃথক ৮টি সেশনে ৬৮টি পোস্টার উপস্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা সম্মেলন উপলক্ষে আয়োজিত গবেষণা ও উদ্ভাবন প্রদর্শনী পরিদর্শন করেন।
