হড়গ্রাম ইউপির নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী পারভীন
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন প্যানেল চেয়ারম্যান-৩ মোসা. রূপালী পারভীন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম সাকলায়েনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় পরিষদের সদস্য দুলাল হাসান, জাকির হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা ও জনসেবা অব্যাহত রাখতে তাঁকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী, প্যানেল চেয়ারম্যান-১ মো. মঞ্জুর রহমানের মৃত্যুর পর প্যানেল চেয়ারম্যান-২ মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে পরিষদের সদস্যরা অনাস্থা প্রস্তাব আনেন। তদন্ত শেষে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে তা গৃহীত হয়। তবে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জয়নাল আবেদীন হাইকোর্টে রিট করেন। পরে গত ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।
দায়িত্ব গ্রহণের পর রূপালী পারভীন বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং এলাকার মানুষকে নিয়মিত সেবা দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। এ কাজে পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
