রাবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন অর্থনীতি ও শারীরিক শিক্ষা বিভাগ
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন এবং ফাইন্যান্স বিভাগ রানার আপ হয়েছে। ছাত্রীদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ, রানার আপ হয়েছে বাংলা বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
ছাত্র গ্রুপে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ছাত্রী গ্রুপে সমাজবিজ্ঞান বিভাগ ফেয়ার প্লে ট্রফি পেয়েছে। ছাত্র গ্রুপে অর্থনীতি বিভাগের মেহেদী হাসান এবং ছাত্রী গ্রুপে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের লিছা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এবারের প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ৬০টি এবং ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগের দল অংশ নেয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
