বিমানবন্দরের কর্মকর্তাকে হুমকি: গ্রেপ্তার সাবেক এমপি আখতারুজ্জামান
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, কর্মকর্তাকে হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও ট্রলি পেতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি দেখতে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
মামলার এজাহার অনুযায়ী, পরিস্থিতি শান্ত করার সময় আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গিয়ে হুমকি ও অশালীন মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী সংরক্ষিত কেপিআই এলাকায় ভিডিও ধারণ করলে নিরাপত্তা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান ওই কর্মকর্তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বেবিচকের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব বিমানবন্দর থানায় মামলাটি করেন। মামলায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।
মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন। ২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
