দুর্গম পাহাড়ে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান, সেনাসদস্যদের মনোবল বৃদ্ধি
পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত সেনাসদস্যদের মনোবল বাড়াতে পাহাড়ের একদম প্রান্তিক সেনা ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
২ অক্টোবর তিনি রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন দুর্গম সেনা ক্যাম্প ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান সেনাসদস্যদের সঙ্গে সরাসরি কুশলাদি বিনিময় ও মতবিনিময় করেন। পাহাড়ের দুর্গম ভৌগোলিক পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সেনাসদস্যরা যেভাবে সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, তার ভূয়সী প্রশংসা করেন তিনি। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতেও একই উদ্যমে দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।
সেনাসদর সূত্রে জানা গেছে, এই সফরকালে সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
