রাবিতে পিডিএফের নবীনদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা
রাবি প্রতিনিধি: প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীরা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে স্বেচ্ছাসেবী সংগঠন ফিজিক্যাললি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা নয়। স্টিফেন হকিং ও হেলেন কেলারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অসাধারণ মানসিক শক্তি ও আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি।
ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভবনে র্যাম্প ও লিফটের ব্যবস্থা, আবাসিক হলগুলোতে সুবিধাজনক স্থানে আসন বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয়ের বাসে আসন সংরক্ষণসহ প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি তাদের অন-ক্যাম্পাস কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বলেন, মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে রাবি প্রশাসন কাজ করছে।
পিডিএফ-এর সভাপতি মো. আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের স্মারক ক্রেস্ট ও নবাগত শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দেন উপাচার্য।
