রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ
রাজশাহী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক তরুণ টেনিস খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অংশ নেওয়া অন্য দেশগুলো হলো—ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত এই প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত মর্যাদার বিষয়। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার পাশাপাশি শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি খেলার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়জুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।
এবারের আসরে বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র রয়েছে। বালক এককে থাইল্যান্ডের পাটচারাফোল লিকুল এবং বালিকা এককে ভারতের শাজফা ওয়ানিয়া এসকে শীর্ষ বাছাই হিসেবে রয়েছেন। রাজশাহীর পাঁচজন খেলোয়াড়ও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন।
টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পালন করছেন ভারতের আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের হোয়াইট ব্যাজ রেফারি জয় মুখার্জী। তিনি প্রায় এক দশক ধরে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত।
অফিসিয়াল সূচি অনুযায়ী, মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বালক এককের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হবে। একই দিন দুপুর থেকে বালিকা এককের শেষ ষোলোর ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম দিনের খেলায় গ্রুপ ‘এ’-তে থাইল্যান্ডের পাটচারাফোল লিকুল বাংলাদেশের পার্থ সমাদ্দারকে ৬-২, ৬-১ গেমে এবং চীনের শাও শাওশুয়াইচিয়া ভারতের মোহাম্মদ আরিজ খানকে ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন। গ্রুপ ‘বি’-তে চাইনিজ তাইপের জিচে চেন ৬-১, ৬-১ এবং জাপানের রিউনুসুকে ইয়াগিনুমা ৬-২, ৬-০ গেমে জয় পেয়েছেন।
আয়োজকদের আশা, আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ টেনিস খেলোয়াড়েরা বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন।
