সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তির দাবি জানিয়েছেন তারা।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ঘটনার সিসি ক্যামেরা গায়েব কেন, প্রশাসন জবাব চাই’ এবং ‘চিহ্নিত অপরাধীদের মামলায় অজ্ঞাতনামা করা হলো কেন, প্রশাসন জবাব চাই’।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় হামলাকারীদের অজ্ঞাতনামা করা হয়েছে। তাদের দাবি, হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা সম্ভব হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষার্থীরা আরও বলেন, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও শুধু কমিটি গঠন করেই দায়িত্ব শেষ করা হয়েছে। তারা হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানান।
তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অভিযুক্ত ছাত্রসংগঠনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
