শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে জকসুর দোয়া মাহফিল
জবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জকসুর ভিপি রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন।
তিনি বলেন, শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায়। তার স্মৃতি নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশের স্বার্থে সোচ্চার হতে অনুপ্রেরণা দেবে।
জকসুর জিএস আব্দুল আলীম আরিফ বলেন, “আবরার ফাহাদ কোনো ব্যক্তিমাত্র নন; তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার প্রতীক। তাঁর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়ের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।”
দোয়া মাহফিলে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, কল্যাণ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জকসুর নেতৃবৃন্দ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
