বিভাগীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের আহ্বান
রাজশাহী প্রতিনিধি: দেশের সব নাগরিকের জন্য সমতা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় শক্তিশালী ও সমন্বিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের আহ্বান জানিয়েছেন বক্তারা।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরের হোটেল ওয়ারিসনে আয়োজিত বৈষম্য বিলোপ আইনবিষয়ক বিভাগীয় পর্যায়ের সংলাপে বক্তারা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, সংবিধানে সমতার অঙ্গীকার থাকলেও বাস্তবে দলিত, চা-শ্রমিক, বেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী এখনো বৈষম্য ও বঞ্চনার শিকার। এ পরিস্থিতি থেকে উত্তরণে আইন প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।
সংলাপে প্রস্তাবিত আইনে বৈষম্যের সুস্পষ্ট সংজ্ঞা, সহজ অভিযোগ ব্যবস্থা, কার্যকর প্রতিকার, ক্ষতিগ্রস্ত ব্যক্তির সুরক্ষা ও জবাবদিহির বিধান রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে আইন বাস্তবায়নে শক্তিশালী তদারকি ব্যবস্থা এবং বৈষম্যমূলক সামাজিক আচরণ পরিবর্তনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংলাপে সভাপতিত্ব করেন লাইট হাউস অর্গানাইজেশনের উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন। সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার (আসুস) নির্বাহী পরিচালক রাজকুমার শাও। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের তরুণ সমাজ ও সামাজিক সংহতি বিভাগের প্রধান ওয়াসিউর রহমান তন্ময়।
বক্তারা বলেন, শুধু আইন প্রণয়ন করলেই নাগরিকদের অধিকার নিশ্চিত হয় না; আইনটির কার্যকর বাস্তবায়ন এবং বৈষম্যের শিকার ব্যক্তিদের সহজে আইনি সহায়তা ও প্রতিকার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
সংলাপে সরকারি কর্মকর্তা, আইনজীবী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
