দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহী জেলা পুলিশের মতবিনিময় সভা
রাজশাহী প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। জেলার আটটি উপজেলায় এবার ৩৮১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক থাকবে। পাশাপাশি যেকোনো সমস্যা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, দুর্গাপূজা দেশের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির প্রতীক। প্রশাসন, পুলিশ ও পূজা আয়োজকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সম্ভব।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বাগমারায় সর্বোচ্চ ৮৬টি পূজামণ্ডপে পূজা হবে। এছাড়া তানোরে ৫৯টি, বাঘায় ৫৯টি, পুঠিয়ায় ৫৬টি, গোদাগাড়ীতে ৪২টি, চারঘাটে ৪২টি, মোহনপুরে ২৪টি এবং দুর্গাপুরে ২৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী জেলা শাখার সদস্যসচিব সেন্টু কুমার সাহা, পুঠিয়া উপজেলা শাখার সভাপতি অলক কুমার ঘোষ ও পবা উপজেলা শাখার সভাপতি অসিত কুমার সাহাসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূজার সূচি অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়া, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গাপূজা শেষ হবে।
