রাজশাহী আন্তর্জাতিক টেনিস: মেয়েদের সেমিফাইনালে চার চীনা
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। মেয়েদের একক ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন চীনের চার খেলোয়াড়—সিয়ান জিয়ান, জেনসি ডং, জিমো সঙ ও জিকান ইয়াং।
মেয়েদের কোয়ার্টার ফাইনালে চীনের জিকান ইয়াংয়ের কাছে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের সুমাইয়া আক্তার। প্রায় তিন ঘণ্টার টানটান লড়াইয়ের পর তৃতীয় সেটের টাইব্রেকারে ম্যাচটি হেরে যান সম্প্রতি জাতীয় মহিলা জুনিয়র টেনিসে চ্যাম্পিয়ন হওয়া সুমাইয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাঁর লড়াই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেয়েদের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফলে শিরোপার লড়াইয়ে চীনা খেলোয়াড়দের আধিপত্য দেখা যাচ্ছে।
এদিকে ছেলেদের রাউন্ড রবিন পর্বের খেলা শেষ হয়েছে। আটটি গ্রুপের চ্যাম্পিয়ন আটজন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। তাঁরা হলেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল, চাইনিজ তাইপের চেন জি চেন, চীনের ফ্যাং টিয়ানি ও জু লিমো, ভারতের শিব মোহন ও জাগ্রুত কাচিরেন্ডি, জাপানের তানি রিউমা এবং হংকংয়ের লোক চুন কিউ।
বৃহস্পতিবার থেকে ছেলেদের কোয়ার্টার ফাইনালও শুরু হবে।
টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, এবারের আসরে শুরু থেকেই খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। অনেক ম্যাচের ফল নির্ধারণে খেলোয়াড়দের তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত কোর্টে থাকতে হচ্ছে। বিশেষ করে সুমাইয়া আক্তার ও জিকান ইয়াংয়ের ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাচ্ছেন। এ ধরনের ম্যাচ তাঁদের ধৈর্য, শারীরিক সক্ষমতা এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাইয়েরও সুযোগ তৈরি করে।
গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।
