রাবিতে নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোদগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা’র দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় দিনের প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এখন টিভির রিপোর্টার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান।
সেশনে তিনি মোজো (MOJO), সামাজিক যোগাযোগমাধ্যম ও কনটেন্ট ক্রিয়েশন এবং ‘স্মার্টফোনে ডিজিটাল বিপ্লব: স্মার্ট রিপোর্টিং ও নতুন যুগের কনটেন্ট’সহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে আলোচনা করেন।
এ সময় স্মার্টফোননির্ভর সাংবাদিকতার সম্ভাবনা, আধুনিক রিপোর্টিং কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ ও কনটেন্ট উপস্থাপনের ধরন এবং পরিবর্তনশীল ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মারুফ হাসান।
পাঁচ দিনব্যাপী এ ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার এম শামীম।
এ ছাড়া মেন্টর হিসেবে রয়েছেন ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আহসান মৃদুল, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম।
কর্মশালাটিতে নবীন সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং সংবাদ পরিবেশনের সমসাময়িক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
