রাবির গণিত বিভাগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগে ‘Reduced-Order Modeling for Modern Control Systems: Advances, Opportunities and Challenges’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে বিজ্ঞান অনুষদের সহায়তায় এ সেমিনারের আয়োজন করা হয়।
গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আসাবুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো. জুলফিকার আলী ও বিজ্ঞান অনুষদের সাবেক অধিকর্তা প্রফেসর নাসিমা আক্তার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. শাহাদৎ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বলেন, আধুনিক বিজ্ঞানের অন্যতম দুই ভিত্তি গণিত ও পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় এ দুটি বিষয়ের গুরুত্ব রয়েছে। সেমিনারটি সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক ও গবেষকদের জ্ঞান ও গবেষণায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
