Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস ভূমিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ 51 বার পঠিত
জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস ভূমিমন্ত্রীর
ছবি : রাজশাহী জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
Single News Top

রাজশাহী প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। একই দিন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভায় যোগ দিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনের আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন শেষে এর কার্যক্রম পরিদর্শন করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন এই কেন্দ্র চালুর ফলে সাধারণ মানুষ আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে ভূমিসংক্রান্ত সেবা সহজে পাবেন। এতে সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

সেবা নিতে আসা ব্যক্তিরাও নতুন কেন্দ্র চালুর ফলে এক ছাদের নিচে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাওয়ার আশা প্রকাশ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, রাজশাহীতে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আশপাশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান এবং পুলিশ সুপার মো. মামুনুর রশীদ।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা পূজা উদযাপনের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয় প্রশাসনের কাছে তুলে ধরেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে