বাঘায় যৌথ অভিযানে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিউজ ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি .২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান শুরু হয়। রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের একটি কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের একটি খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামের একটি বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত আসামির নাম মো. মাসুম আলী। তিনি বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মো. রবিউল হোসেনের ছেলে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ আরও জানায়, অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকল পাওয়া গেছে। যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
