রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মদ ও বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের সিজার মূল্য ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর তালাইমারী বিওপির একটি আভিযানিক দল মহানগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা মাদকের বস্তা ফেলে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল ভারতীয় বুল ফাইটার মদ, ১৯২ বোতল ইসকাপ সিরাপ, ৯৮ বোতল কোকো সিরাপ এবং ১৬১ বোতল ব্রনকফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন শাহাবুল (৩২) ও মাহবুর (২৮)। তারা রাজশাহীর কাটাখালী থানার চরখানপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি জব্দ করা মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
