নগরকান্দায় জমকালো আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, ট্রাইবেকারে বামুন্দি সিকদার একাদশের জয়
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী ‘গজারিয়া স্পোর্টস অ্যান্ড ফুটবল একাডেমি’র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন করা হয়েছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গোপালগঞ্জের ‘বামুন্দি সিকদার ফুটবল একাদশ’।
শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী স্কুল মাঠে ফিতা কেটে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গোপালগঞ্জের বামুন্দি সিকদার ফুটবল একাদশ এবং রংপুরের জয় ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে দু'দলের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। পরে টাইব্রেকারে জয়ী হয়ে মাঠ ছাড়ে গোপালগঞ্জের দলটি। জমজমাট ও আকর্ষনীয় এই খেলাটি উপভোগ করতে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হানিফ মন্ডল, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আলী রেজওয়ান বিশ্বাস তরুণ এবং জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দেশের ক্লাব পর্যায়ের নামীদামী ও শক্তিশালী ৮টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
