কুমিল্লায় ৭ম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার, জানাল পুলিশ
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত বুধবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লা নগরের পদুয়ার বাজার বিশ্বরোড থেকে রেসকোর্সের বাসার উদ্দেশ্যে সুমনের অটোরিকশায় ওঠে তাজমিন। কিন্তু চালক তাকে ভুল পথে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানখেতে নিয়ে যান। সেখানে পালানোর চেষ্টার সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় রাত ২টা ৫৮ মিনিটে তাজমিন তার বাবার হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে উদ্ধারের আকুতি জানালেও গভীর রাতে ঘুমিয়ে থাকায় বাবা তা দেখতে পাননি।
পরদিন বৃহস্পতিবার সকালে জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও কললিস্ট বিশ্লেষণ করে শুক্রবার চট্টগ্রামের একটি বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যে নিহতের আইফোনটি উদ্ধার করা হয়।
নিহত তাজমিন যশোরের ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে পরিবার নিয়ে সে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় থাকত এবং স্থানীয় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
