আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: ভূমিমন্ত্রী মিনু
রাজশাহী প্রতিনিধি: আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, সরকার শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভিতবিশিষ্ট ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে এসএসসি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আগামী দিনে এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করা যায় কি না, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠগুলো ভালো রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও সুযোগ পায়।
তিনি আরও বলেন, অতীতে কেউ উন্নয়নমূলক কাজ করে থাকলে তা মুছে ফেলা যাবে না। যার যে সম্মান প্রাপ্য, তাকে তা দিতে হবে।
রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণ প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, এখান থেকে দেশীয় মাছ বিদেশে রপ্তানির সুবিধা তৈরির বিষয়টি নিয়ে কাজ করা হবে। অনেকে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার দাবি জানালেও এর জন্য পর্যাপ্ত জায়গা ও জনবল প্রয়োজন। আপাতত রাজশাহী থেকে কার্গো বিমান চালু করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
৯ কোটি ৩১ লাখ টাকায় নির্মিত নতুন ভবন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), রাজশাহীর নির্মাণ তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ ও বৈদ্যুতিক সুবিধাসহ ছয়তলা ভিতবিশিষ্ট ছয়তলা ভবনটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৩১ লাখ ৩ হাজার ২০০ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের এ প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় ২০২৪ সালের ২০ মে। ২১ মাসের নির্ধারিত মেয়াদে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
নতুন ভবনটি চালুর ফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
