রাকসুর পাঁচ দিনব্যাপী নবীন সাংবাদিক ফেলোশিপ ও কর্মশালার সমাপনী
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী "নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা"-র সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৬ অক্টোবর শুরু হওয়া এই কর্মশালার শেষ দিনে "টেলিভিশন ও ব্রডকাস্ট সাংবাদিকতা" বিষয়ে সেশন পরিচালনা করেন সময় টিভির সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ।
রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস সালমান সাব্বিরসহ কর্মশালার প্রশিক্ষক, ক্যাম্পাসের সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, মেন্টর ও কো-অর্ডিনেটররা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী ফেলোদের হাতে আনুষ্ঠানিক সম্মাননা সনদ ও ফেলোশিপ গ্র্যান্ট তুলে দেন অতিথিরা। এর মধ্য দিয়েই বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।
