রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিক, কার্যকর ও টেকসই করতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ মাস্টারপ্ল্যানের তৃতীয় পর্যায়ের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আয়োজনে নগর ভবনের সরিৎ দত্ত শুভ নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের উপদেষ্টা ও সাবেক সচিব ড. এবি আবদুল্লাহ। সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
সভায় মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সমীক্ষা কার্যক্রম এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় টেকসই ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
