শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের দাবি
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর শিমলা পার্কের বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকর করা, জলাভূমি রক্ষা এবং পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও যুব সংগঠনের নেতারা।
বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০২৬ উপলক্ষে শনিবার বিকেলে শিমলা পার্কে আয়োজিত এক পথসভা থেকে এ দাবি জানানো হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরাম, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস), বারসিক, গ্রিন কোয়ালিশন এবং সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, জলাভূমি ভরাট, পুকুর ও বিল দখল, নদীদূষণ, গাছ কাটা এবং পাখি শিকারের কারণে পাখির নিরাপদ আবাসস্থল ক্রমেই সংকুচিত হচ্ছে। পাখি সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব প্রাকৃতিক সম্পদ রক্ষা জরুরি।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, শিমলা পার্কের বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকর করে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হবে।
কর্মসূচি থেকে শিমলা পার্কের সীমানা নির্ধারণ, ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন, নিয়মিত নজরদারি ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের পুকুর, বিল, নদী ও জলাভূমি সংরক্ষণ, পাখি শিকার ও পরিবেশদূষণ বন্ধ এবং নগরের গাছপালা ও জলাশয় রক্ষার আহ্বান জানানো হয়।
এ সময় পরিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে যুবসমাজ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
