Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, ১৬ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

রাবি প্রতিনিধি প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ 85 বার পঠিত
রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, ১৬ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা
ছবি : দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’-এর উদ্বোধন
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দিতে দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পে ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রায় ১৫ ধরনের মেডিকেল পরীক্ষা বিনামূল্যে করানোর সুযোগ রয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটি ১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী।

আয়োজকরা জানান, ক্যাম্পে নাক-কান-গলা, লিভার, কিডনি, বক্ষব্যাধি, গাইনি ও মেডিসিনসহ ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। পাশাপাশি আলট্রাসনোগ্রাম, ইসিজি, রিফ্র্যাকশন টেস্ট ও ফিজিওথেরাপিসহ প্রায় ১৫ ধরনের মেডিকেল পরীক্ষা বিনামূল্যে করানোর ব্যবস্থা রয়েছে। এ ছাড়া বিভিন্ন পরীক্ষার রিপোর্ট একই দিনে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিসিআরের প্রতিনিধি ড. ইলিয়াস হোসেন বলেন, শুধু হাসপাতালভিত্তিক চিকিৎসাসেবার মাধ্যমে সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। এ কারণে একই জায়গায় চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্টের ভিত্তিতে পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের পোর্টেবল ল্যাবে পরীক্ষা করে দুই ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, রোগীর বয়স, উচ্চতা, ওজন ও ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে জটিলতা ও ব্যয়বহুল চিকিৎসার ঝুঁকি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ গত ১৮ বছর ধরে কাজ করছে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় প্রাথমিক চিকিৎসাসেবাও ঠিকমতো পান না। সেখানে একই জায়গায় এতগুলো সেবা পাওয়া এবং মাত্র দুই ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার সুযোগ অবিশ্বাস্য।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য। এ চিকিৎসাসেবার মাধ্যমে অসুস্থ শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান বলেন, এ ধরনের চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা উন্নত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড. শাকিলু রহমান শাহিন, এনডিএফ ও ডিসিআরের চিকিৎসক, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মারসহ রাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে