নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার
নাটোর প্রতিনিধি: নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপসহ ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নাটোর শহরের নিচাবাজারের নুর গার্মেন্টস নামের একটি দোকান থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর স্টেশনে আসেন ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে ওই যুবকের কাছে ব্যাগ রেখে যান তিনি। ফিরে এসে ব্যাগ ও যুবককে আর খুঁজে পাননি।
ব্যাগে ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। চুরি যাওয়া মালামাল উদ্ধারের আশায় ক্রিল ল্যান্ডার রাজশাহীতেও যান। পরে বৃহস্পতিবার ঢাকায় চলে যান তিনি।
এদিকে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে শনাক্তের পর তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। শনিবার রাতে নাটোর রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে তার ছবি সংবলিত পোস্টারও লাগানো হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ জানান, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে সহায়তাকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
