রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, ১৩০ জনের মাঝে ২৩ লাখ টাকা অনুদান
রাজশাহী প্রতিনিধি: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমান সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব। বাল্যবিয়ে প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী বলেন, কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০২৫-২৬ অর্থবছরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদান বিতরণ করা হয়। এ সময় মোট ১৩০ জনের মাঝে ২৩ লাখ ৫৩ হাজার টাকা বিতরণ করা হয়।
