পবায় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাফা’র স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া
পবা প্রতিনিধি: কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও সম্ভাবনা তুলে ধরতে রাজশাহীর পবায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, কন্যাশিশুর যথাযথ বিকাশ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে নারীশিক্ষা ও অধিকার নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেয় নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সিদ্দিকা জাহান সাফা। ভবিষ্যতে বিসিএস ক্যাডার কর্মকর্তা হওয়ার স্বপ্নের কথা জানিয়ে সে বলে, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, দেশের সম্পদ। তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত ও বাল্যবিবাহ বন্ধ করতে হবে। সাফার আত্মবিশ্বাসী বক্তব্য উপস্থিত ব্যক্তিদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান ও বিদ্যালয়ের শিক্ষিকা ফারহানা নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।
আয়োজকেরা জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং কন্যাশিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
